স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘মহানবী হযরত মুহাম্মদ সা: যে শিক্ষা মানবজাতীকে দিয়ে গেছেন, সেই শিক্ষায় পরিচালিত হতে পারলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে।’
তিনি বলেন, ‘মহানবী পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠিত করেছিলেন। যার মাধ্যমে ধনী-দরিদ্রের ব্যবধান দূর করা যায়।’
বুধবার (২৬ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন, তা ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছে। নির্বাচনে জনগণকে যে প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছিল, তা মাত্র ছয় মাসের মধ্যে একটি একটি করে পূরণ করছেন তিনি।’
পলাশ উপজেলার বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় মিলাদ মাহফিলে আরো বক্তব্য রাখেন মিলেনিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসেনা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জাল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও মানুষের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
এর আগে, দুপুরে ড. মঈন খান নেতাকর্মীদের নিয়ে চরনগর্দীর নিজ গ্রামে বাবা মরহুম মোমেন খান ও মা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।