কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ব্যবহার করেন কোটি কোটি মানুষ। কিন্তু হঠাৎ করেই সেই সেবার বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদ শুরু হয়েছে। একটি ওয়েবসাইটের দাবি, ২৫ লাখের বেশি ব্যবহারকারী সেবা ছাড়ার অঙ্গীকার করেছেন। কারণ, প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে একটি চুক্তি করেছে।

ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি’র ব্যবহারকারী সংখ্যা ৯০ কোটির বেশি। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি পেন্টাগনের সঙ্গে চুক্তি সই করে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর তাদের গোপন নেটওয়ার্কে (ক্লাসিফায়েড নেটওয়ার্ক, অর্থাৎ নিরাপত্তাজনিত গোপন সিস্টেম) এই এআই মডেল ব্যবহার করতে পারবে।

এ নিয়ে একটি ওয়েবসাইট মানুষকে চ্যাটজিপিটি বয়কট করার আহ্বান জানায়। তারা দাবি করে, ২৫ লাখের বেশি মানুষ ইতিমধ্যে সেবা ছেড়েছেন। সামাজিক মাধ্যমে শেয়ার সংখ্যা ও অ্যাপ ব্যবহারের তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। ওয়েবসাইটটি জানায়, তারা যুক্তরাষ্ট্র ও বিশ্বের মানুষকে একত্র করে প্রতিবাদ গড়ে তুলছে।

এই বিতর্কের মধ্যে সেন্সর টাওয়ারের বিশ্লেষণে দেখা যায়, অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লড’ চ্যাটবট অ্যাপল অ্যাপ স্টোরে শীর্ষে উঠে গেছে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, একদিনে চ্যাটজিপিটি মোবাইল অ্যাপ আনইনস্টল ২৯৫ শতাংশ বেড়েছে।

সমালোচনার মুখে ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান স্বীকার করেন, চুক্তিটি দ্রুত করা ঠিক হয়নি। তিনি বলেন, বিষয়টি জটিল ছিল এবং পরিষ্কারভাবে ব্যাখ্যা করা প্রয়োজন ছিল।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ওপেনএআই এখন চুক্তিতে পরিবর্তন আনছে। তারা স্পষ্টভাবে জানাবে, তাদের প্রযুক্তি গণনজরদারি বা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির মতো গোয়েন্দা সংস্থার কাজে ব্যবহার করা যাবে না। 

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews