দীর্ঘদিনের চেনা ঠিকানা লেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে পাড়ি জমানোর দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। দলবদলের শেষ মুহূর্তে তাকে দলে ভেড়াতে জোর তৎপরতা শুরু করেছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি।

ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর দলবদলবিষয়ক প্রতিবেদক মাইক ম্যাকগ্রা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ডার্বির আগ্রহের বিষয়টি জানিয়েছেন।

২৮ বছর বয়সী হামজাকে মূলত মাঝমাঠের শক্তি বাড়াতে দলে নিতে চায় ডার্বি। তবে এখনো দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বা চুক্তি হয়েছে কি না, তা স্পষ্ট নয়। হামজাকে স্থায়ী চুক্তিতে নাকি ধারে নেয়া হবে, সেটিও জানা যায়নি।

লেস্টার সিটির যুব একাডেমি থেকে উঠে আসা হামজার মূল দলে অভিষেক হয় ২০১৫ সালে। এরপর প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে খেলার পাশাপাশি লেস্টারের নেতৃত্বও দিয়েছেন তিনি। জিতেছেন এফএ কাপও।

ক্যারিয়ারে একাধিকবার ধারে খেলেছেন হামজা। বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলার পর শেষ ধারের মেয়াদ শেষ করে তিনি আবারো ফিরেছিলেন লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে।

তবে ফেরার পর লেস্টারের নিয়মিত একাদশে জায়গা ধরে রাখতে সমস্যায় পড়েছেন হামজা। গত মৌসুমে লিগে মাত্র ১৭টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত বদলি খেলোয়াড় হিসেবেই মাঠে নেমেছেন।

লেস্টারের সাথে হামজার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে নিয়মিত একাদশে সুযোগ না পাওয়ার পরিস্থিতিতে তাকে বিক্রি করে ভালো অর্থ পাওয়ার এটিই হয়তো লেস্টারের শেষ সুযোগ।

হামজার দলবদলের সম্ভাবনার কথা উড়িয়ে দেননি লেস্টার কোচ রাসেল মার্টিনও। দলবদলের গুঞ্জন ও খেলোয়াড়ের মানসিক মনোযোগের বিষয়টি বিবেচনায় সাম্প্রতিক ম্যাচগুলোর স্কোয়াডেও হামজাকে রাখা হয়নি।

মার্টিনের বক্তব্য অনুযায়ী, হামজা ও ক্লাব—দুই পক্ষের জন্যই ভালো কোনো সুযোগ এলে এবং চুক্তি ঠিকঠাক হলে দলবদলটি হতে পারে। হামজার বহুমুখী সামর্থ্যই ডার্বির আগ্রহের অন্যতম কারণ। রক্ষণাত্মক মিডফিল্ডের পাশাপাশি রাইট-ব্যাক হিসেবেও কার্যকর তিনি।

ডার্বি কাউন্টির পাশাপাশি বার্মিংহাম সিটি ও শেফিল্ড ইউনাইটেডও হামজাকে দলে নিতে আগ্রহী বলে জানা গেছে। ‘ট্রান্সফারমার্কেট’ -এর হিসাবে বর্তমানে হামজার বাজারমূল্য প্রায় চার মিলিয়ন ইউরো।

সব মিলিয়ে লেস্টারের সাথে দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে নতুন ঠিকানায় যাওয়ার সম্ভাবনা এখন বেশ জোরালো। তবে গুঞ্জন যতই জোরদার হোক, হামজা কিংবা সংশ্লিষ্ট ক্লাবগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

দলবদল চূড়ান্ত হলে আগামী সপ্তাহেই হামজার নতুন ক্লাব নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews