ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে তিনটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশারাত ফারজানা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এসব ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি বিজয়ী প্রার্থীদের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ফলাফলের কপি তুলে দেন।
ঘোষিত ফল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। এ আসনে প্রদত্ত ভোটের হার ছিল ৭৬ দশমিক ৪৬ শতাংশ।
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি প্রার্থী ডা. আব্দুস সালাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। এ আসনে ভোটার উপস্থিতির হার ছিল ৭৩ দশমিক ০৪ শতাংশ।
এদিকে, ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহিদুর রহমান ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। এ আসনে প্রদত্ত ভোটের হার ছিল ৭২ দশমিক ১৪ শতাংশ।
এমআর//