বুধবার ভোরের আলো ফুটতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালের মাতৃসদনে (ম্যাটারনিটি ওয়ার্ড) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, উদ্ধারের জন্য তাঁদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
হিবসা ওয়ালিদ নামের এক নারী পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস) হাসপাতালের ওই কক্ষের কাছেই ছিলেন। তাঁর ভাবি কয়েক দিন আগেই সেখানে সন্তান প্রসব করেছিলেন। হিবসা প্রথমে কারও চিৎকার শুনে ভেবেছিলেন কোনো রোগীর হয়তো মৃত্যু হয়েছে। কিন্তু একটু পরই তিনি ধোঁয়া দেখতে পান।
এরপর দুজন মিলে নবজাতককে নিয়ে দ্রুত সেখান বের হয়ে যান। শিশুটি এতই ছোট যে তার এখনো কোনো নামও রাখা হয়নি।
হিবসা বলেন, ‘আমরা আমাদের জিনিসপত্রের কথা একবারও ভাবিনি। শুধু বাচ্চাটাকে কোলে তুলে নিই এবং দৌড়ে নিচে নেমে যাই।’ তিনি বলেন, ‘কিছু রোগী তো ওই রাতেই সন্তান প্রসব করেছিলেন। আমরা কীভাবে নিচে নেমে আসতে পেরেছিলাম, তা আমি নিজেও জানি না। সবকিছু কেমন যেন ঘোরের মতো লাগছিল।’