মৌলভীবাজারের ভানুগাছ ও শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে সকাল ৯টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে টেনে আনা হয়। এর মাধ্যমে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল (তেল) পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হলে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এনে উপবন এক্সপ্রেসকে উদ্ধার করা হয়েছে।
বর্তমানে শমশেরনগর রেলস্টেশনে উপবন এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস অবস্থান করছে। তিনি জানান, এ ঘটনার কারণে ঢাকাগামী কালনী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়েছে।