ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের তীব্রতা কমে আসার পর লেবাননে বাস্তুচ্যুত হওয়া লাখো মানুষ ধীরে ধীরে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। জাতিসংঘ জানিয়েছে, গত ৩০ জুলাই পর্যন্ত অন্তত ৮ লাখ ২১ হাজার ৭৭ জন নিজ এলাকায় ফিরে গেছেন।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা (ওসিএইচএ) সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতির ফলে ব্যাপক পরিসরে প্রত্যাবাসন শুরু হলেও মানবিক সংকট পুরোপুরি কাটেনি।
ওসিএইচএর তথ্য অনুযায়ী, এখনো ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে প্রায় ২৬ হাজার মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। বাকিরা আত্মীয়স্বজনের বাড়ি কিংবা অস্থায়ী আবাসস্থলে আশ্রয় নিয়েছেন।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় অবকাঠামো ধ্বংস, মৌলিক সেবার ঘাটতি এবং বিস্ফোরক অবশিষ্টাংশের ঝুঁকি থাকায় ফিরে আসা পরিবারগুলোর জন্য পুনর্বাসন এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। তাই নিরাপদ প্রত্যাবাসনের পাশাপাশি জরুরি মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের সংঘাতের কারণে দক্ষিণ লেবাননসহ বিভিন্ন অঞ্চলের লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। সাম্প্রতিক সময়ে সংঘাতের মাত্রা কমে আসায় অনেক পরিবার আবার নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলো মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। তথ্যসূত্র: দ্য ডন