নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে করমর্দন না করার বিষয়টি নিগার সুলতানা জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে সব দেশের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন রফিকুল ইসলাম বাবু। করমর্দন না করার সিদ্ধান্তটি নারী উইংয়ের পক্ষ থেকে এসেছিল, নাকি অধিনায়ক নিজেই নিয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তার নিজের সিদ্ধান্ত।’
খেলাধুলার মাধ্যমে বিভেদ নয়, বরং ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হয়। আমরা চাই, সহযোগিতাপূর্ণ সম্পর্কটা সব দেশের সঙ্গেই থাকুক। এটা ভারত বলে নয়, সবার সঙ্গেই থাকুক।’
করমর্দন না করার বিষয়টি আগে থেকে তাদের জানা ছিল না বলেও জানান বাবু। সিদ্ধান্তটি জ্যোতির ব্যক্তিগত ছিল এ কথা আবারও স্পষ্ট করেন তিনি।
এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল। এবার তাদের সামনে এশিয়ান গেমসের চ্যালেঞ্জ।
দলের নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে ওঠা প্রশ্নের জবাবেও কথা বলেন রফিকুল ইসলাম বাবু। তিনি জানান, এশিয়ান গেমসের জন্য দল ও অধিনায়কের নাম প্রায় দেড় থেকে দুই মাস আগেই পাঠানো হয়েছে। সেই নির্বাচিত দলই এশিয়ান গেমসে খেলতে যাবে।
আপাতত এশিয়ান গেমসে দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছে বিসিবি। বাবু বলেন, ‘আমরা আশা করছি, ওখানে তারা ভালো খেলবে। যে সমস্ত ভুল করেছে, সেগুলো শুধরে তারা দেশের সুনাম অর্জন করবে।’
নারী দলের নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে যে প্রশ্ন উঠেছে, সেগুলোও পর্যবেক্ষণে রয়েছে বলে জানান তিনি। এ নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন বাবু। এশিয়ান গেমসের পর এসব বিষয় নিয়ে আবারও বসবে বিসিবি।
আরটিভি/এসকে
আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন