এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক জলবায়ু নীতি নিয়ে কাজ করা একজন নেপালি নাগরিক হিসেবে, নেপালের উপত্যকাগুলোতে আছড়ে পড়া ভয়াবহ আকস্মিক বন্যার তাণ্ডব দেখে আমি ক্ষুব্ধ না হয়ে পারি না।
বিজ্ঞানীদের বছরের পর বছরের সতর্কতা উপেক্ষা করার কারণেই আজ এই ক্ষোভ। তাঁরা স্পষ্ট জানিয়েছিলেন, উত্তপ্ত পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ আরও ঘন ঘন, হিংস্র ও অপ্রত্যাশিত হয়ে উঠবে। জলবায়ু পদক্ষেপে বিশ্বনেতাদের এই বিলম্বের চরম মাশুলই আজকের বিপর্যয়।
দুর্যোগটি এড়ানো যেত কি না কিংবা আগেভাগে সতর্ক করা সম্ভব ছিল কি না—তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই বন্যা কেবল ব্যবস্থার ত্রুটি নয়, জলবায়ু সংকটের আসল চেহারাটি উন্মোচিত করেছে; যেখানে জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া নতুন মাত্রার বিপর্যয় শনাক্ত করতে বর্তমান প্রযুক্তি একেবারেই অপ্রতুল।