মালয়েশিয়ায় সাম্প্রতিক সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, সংশ্লিষ্ট কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে বিএনপি মালয়েশিয়া ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় কুয়ালালামপুরের জালান আম্পাংয়ে অবস্থিত মিকাসা হোটেলের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি মালয়েশিয়া সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ।

বক্তারা জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান তাঁর প্রথম সরকারি বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে নির্বাচন করেন। সেই ধারাবাহিকতায় গত ২১ জুন তিনি স্বল্প সময়ের সরকারি সফরে মালয়েশিয়া সফর করেন।

মালয়েশিয়ায় প্রায় ১৩ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত ও বসবাস করছেন। তাদের বিষয়কে গুরুত্ব দিয়ে সরকারি ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী বাংলাদেশ হাইকমিশন, এবং বিএনপি মালয়েশিয়ার সহযোগিতায় আয়োজিত এক সুধী সমাবেশে অংশগ্রহণ করেন। সেখানে তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান তুলে ধরেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ এ অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা তাঁদের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

সফরকালে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকে মুক্ত বাণিজ্য, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, হালাল শিল্প, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, জনশক্তি রপ্তানি এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বিএনপি মালয়েশিয়ার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এসব আলোচনার মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং প্রবাসী বাংলাদেশিরা বাস্তব সুফল লাভ করবেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর সফরের সফলতা ব্যাহত করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বহিষ্কৃত ও শৃঙ্খলাভঙ্গকারী কিছু ব্যক্তি এবং নিজেদের সাংবাদিক পরিচয়দানকারী কয়েকজনের যোগসাজশে বিএনপি মালয়েশিয়ার নেতৃবৃন্দের বিরুদ্ধে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, অপপ্রচারকারী ও মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে বাংলাদেশ এবং মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। এ উপলক্ষে বিএনপি মালয়েশিয়া এবং মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের সহসভাপতি তালহা মাহমুদ, মোঃ শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন, ড. এস এম রহমান তনু, এম জে আলম, দলের সহসাধারণ সম্পাদক ড. ওয়ালিউল্লাহ জাহিদ, মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন, সাবেক সহসভাপতি যুবদল মঞ্জ খাঁ, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার, সভাপতি যুবদল মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলি, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল হেলাল শিকদার, আহ্বায়ক জাসাস আসাদুজ্জামান মাসুম সহ বিএনপি, অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বিডি-প্রতিদিন/এআইডি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews