চার বছর আগে র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো বিস্তারিত বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পরীমণি তার পোস্টে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেওয়া বক্তব্যের মাধ্যমে দীর্ঘদিনের কিছু বিষয় জনসমক্ষে এসেছে। তার দাবি, তৎকালীন র্যাব প্রধানের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।
- Advertisement -
অভিনেত্রীর ভাষ্য, পরবর্তীতে তাকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় এবং প্রায় ২০ দিন কারাগারে থাকতে হয়। সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে গভীরভাবে বদলে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি লেখেন, গ্রেপ্তারের পর থেকে আজ পর্যন্ত তিনি সেই ঘটনার ভুক্তভোগী হিসেবেই জীবন কাটাচ্ছেন। তার সম্মান, চরিত্র ও ব্যক্তিগত মর্যাদা প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং এই ক্ষতির দায় রাষ্ট্র নেবে কি না—এ প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নির্দোষ ব্যক্তি যেন এ ধরনের পরিস্থিতির শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
পরীমণি জানান, তিনি প্রতিশোধ নয়, সত্য, ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলতে চান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে আইনের শাসন, জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরীমণি বলেন, তাদের সমর্থনই তাকে বারবার নতুন করে দাঁড়ানোর শক্তি দিয়েছে। ভবিষ্যতে নিজের কাজ, সন্তান, পরিবার ও দর্শকদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান বলেও জানান এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন। এছাড়া ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া আরও দুটি মামলার বিচারপ্রক্রিয়াও চলমান।
- Advertisement -