বিদ্যুৎ ও গ্যাস সংকটে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে। কোথাও কোথাও সিএনজিচালিত অটোরিকশার চালকরা সড়ক অবরোধও করেছেন। অন্যদিকে ঘনঘন বিদ্যুতের লোডশেডিং ও গ্যাসের অভাবে বাসাবাড়িতেও দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। কোথাও কোথাও ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। শিল্প এলাকায় কলকারখানা বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরের কালিয়াকৈর, চাঁদপুরের হাজীগঞ্জ ও খুলনার কয়রায় জ্বালানি সংকটে এসব ভোগান্তির খবর মিলেছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলে লোডশেডিং বাড়ায় ভোগান্তি বেড়েছে। ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শহর, গ্রাম বা শিল্প এলাকায় একই চিত্র। দিনরাতে গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ। ২৪ ঘণ্টায় মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ মিলছে। শিল্পকারখানায় উৎপাদন বন্ধের পথে। কালিয়াকৈর বিসিক ও আশপাশের গার্মেন্টস, টেক্সটাইল, ফুড প্রসেসিং কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে শ্রমিক বসিয়ে বেতন দিতে হচ্ছে মালিকদের। রপ্তানি আদেশ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। লোডশেডিংয়ের আঘাত লেগেছে হাসপাতাল-ক্লিনিকেও। হাসপাতালে জরুরি বিভাগ অচল হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা। পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর চন্দ্রা জোনাল অফিসের ডিজিএম জসিম উদ্দিন বলেন, গ্যাস সমস্যার কারণে বিদ্যুতের সমস্যা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া : গ্যাস সংকটে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সবকটি ফিলিং স্টেশন। গত বৃহস্পতিবার রাত থেকে স্টেশনগুলোতে পুরোপুরিভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। কবে নাগাদ গ্যাস সরবরাহ চালু হবে তা জানে না কর্তৃপক্ষ। রান্না হচ্ছে না বাসাবাড়িতেও। বুধবার থেকে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সীমিত করে দেয় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত থেকে সবকটি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হয়। স্টেশনগুলোতে প্রতিদিন ৫০ হাজার ঘনমিটার গ্যাস সরবরাহ পেত। গ্যাস সংকটে অটোরিকশার ভাড়া বেড়ে গেছে। হানিফ মিয়া নামে এক যাত্রী জানান, নিয়মিত ভাড়া যেখানে ৪০ টাকা, এখন চালকরা চাচ্ছেন ৮০ টাকা। সরাইলের সোপান ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আজিজুল হক জানান, বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ রোববার অথবা সোমবার গ্যাস দেওয়ার আশ্বাস দিয়েছেন। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া শাখার উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল হক বলেন, এলএনজি সংকটের কারণে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া যাচ্ছে না।
চট্টগ্রাম : চট্টগ্রামে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ অটোরিকশাচালক। গতকাল ভোর থেকে নগরীর ষোলশহর এলাকায় সড়কে অবস্থান নেন তারা। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালকদের অভিযোগ, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়েও অনেকে গ্যাস পাননি। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, তা স্টেশন কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না। আবুল কাশেম নামে এক চালক জানান, এভাবে দিনের পর দিন বসে থাকলে পরিবার নিয়ে কীভাবে চলব।
বরিশাল : বরিশালে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে পৃথক হ্যারিকেন মিছিল, বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জেলা ও মহানগর শাখা। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেন নেতাকর্মীরা। বিকাল ৪টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সদর রোডে ‘হ্যারিকেন মিছিল’ কর্মসূচি পালন করেন তারা।
হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল এলাকায় গ্যাস সংকটের প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করেন অটোরিকশাচালকরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সিএনজিচালকদের অভিযোগ, গ্যাস সংকটে যাত্রী পরিবহণ ব্যাহত হওয়ায় তাদের আয়-রোজগার কমে গেছে।
ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। জনগণ দোষারোপ করছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের। বিদ্যুৎ বিভাগ বলছে, সরবরাহ কম। কিছুই করার নেই। বিদ্যুৎ অফিসের ভাষ্য মতে, ২৩-২৪ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ আছে মাত্র ১৭-১৮ মেগাওয়াট। কয়রা (খুলনা) : উপকূলীয় জনপদ খুলনার কয়রায় ঘনঘন লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গ্রাহকরা বিদ্যুৎ পাচ্ছেন মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা। ফলে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। ব্যবসা-বাণিজ্য ও মিল-কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
কুমিল্লা উত্তর : বিদ্যুৎ ও গ্যাসের সংকটে কুমিল্লার জনজীবন বিপর্যস্ত। সিএনজিচালিত যানবাহনের ভাড়া বেড়ে গেছে। ১০ টাকার ভাড়া ২০ থেকে ৩০; ৩০ টাকার ভাড়াও কোথাও গুনতে হচ্ছে ৬০ টাকা। এতে সবচেয়ে বেশি চাপে পড়ছেন ঢাকা থেকে বাড়ি ফেরা কর্মজীবী মানুষ। অটোরিকশায় ৩০ টাকার ভাড়া ৭০ টাকা দিতে হচ্ছে।