সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত ইউএনও সাবরিনা শারমিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শাহজাদপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ।
আরও বক্তব্য রাখেন—শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ঠান্ডু এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী প্রমুখ।
মতবিনিময়কালে বক্তারা শাহজাদপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। বিশেষ করে পৌর শহরের যানজট নিরসন, করতোয়া নদীর দূষণ রোধ, শাহজাদপুর কাপড়ের হাটের অবকাঠামোগত উন্নয়ন, গো-খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং মাদক ও দুর্নীতি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
নবাগত ইউএনও সাবরিনা শারমিন তাঁর বক্তব্যে বলেন, “শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা। এখানকার সমস্যাগুলো সমাধানে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আশা করছি, শাহজাদপুরের টেকসই উন্নয়নে আমার গৃহিত পদক্ষেপগুলো জনপ্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা রাখবে।”
এনআই