রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কোয়াড জোটকে আরও সামরিক ভূমিকা পালনে উৎসাহিত করে পশ্চিমা দেশগুলো ভারতকে চীনের সঙ্গে সংঘাতের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে। রাশিয়ার ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের (ইইএফ) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর আরটি’র।

এদিন রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোয়াডে (কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ) ভারত নিজেকে ‘খুব অস্বস্তিকর’ অবস্থায় মনে করছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও জাপান এই জোটে একটি সামরিক উপাদান যুক্ত করার চেষ্টা করছে।
ল্যাভরভের ভাষ্য, তারা সামুদ্রিক নিরাপত্তা মহড়া চালাচ্ছে এবং আমাদের ভারতীয় বন্ধুদের আরেক মহান বন্ধু চীনের বিরুদ্ধে খেলায় টেনে আনতে আগ্রহী।

ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াড মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার ওপর গুরুত্ব দেয়। বাণিজ্য, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও সামুদ্রিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে এই চার দেশ কাজ করে। তারা প্রতিবছর মালাবার নৌ মহড়াতেও অংশ নেয়। ল্যাভরভ এই জোটকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানকে দুর্বল করার পশ্চিমা প্রচেষ্টার সঙ্গেও যুক্ত করেন। তার ভাষ্য, এই অঞ্চলে ছোট ছোট জোট গঠনের মাধ্যমে আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো একটি ‘দ্বিতীয় কোয়াড’ গঠনেরও চেষ্টা করছে। এতে ভারতকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনকে রাখা হবে। এর লক্ষ্য আসিয়ানের ঐক্য খণ্ডিত করা।

গত বছরের মে মাসে তিনি অভিযোগ করেছিলেন, ন্যাটো ভারতকে ‘চীনবিরোধী ষড়যন্ত্রে’ জড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে তিনি রাশিয়া-ভারত-চীন (আরআইসি) ত্রিপক্ষীয় কাঠামো পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews