বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার গান্ধাই সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই গ্রামের মো. আব্দুল কাদির ও ইমরান হোসেন।
বিজিবি সূত্র জানায়, গান্ধাই সীমান্ত দিয়ে একটি বড় মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বোবারথল বিওপির একটি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে জব্দ করা ইয়াবাসহ তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, বিজিবি ইয়াবাসহ আটক দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে।