বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সরকার গণভোটের রায় কার্যকর করেনি, বরং প্রত্যাখ্যান করেছে। এটি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। গণভোট নিয়ে সরকারের এমন অবস্থানে জাতি ও গোটা বিশ্ব বিস্মিত।  

মঙ্গলবার (১৮ আগস্ট) মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, আবদুর রব ও মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার। 

আরও পড়ুন

আরও পড়ুন

বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন

বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। জ্বালানি সংকটের কারণে দেশের ৪০ শতাংশ উৎপাদন কমে গেছে। প্রায় ২০ হাজার শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। সমস্যা সমাধানে বিরোধী দল সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিলেও তা বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি। 

তিনি বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় দলীয় লোক নিয়োগ করছে। সিটি করপোরেশন, জেলা পরিষদগুলোতে সরকারি আমলাদের সরিয়ে দলীয় লোক নিয়োগ দিয়েছে। অথচ সরকারের উচিত ছিল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বে বসানো। তারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ করেছে। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারি চাকরিতে যোগদানের জন্য এখন আর যোগ্যতা, মেধা, পরীক্ষা আর ভাইভার দরকার হয় না, বিএনপি করাই যোগ্যতা। সরকারি অফিসগুলো যেন এখন বিএনপি নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্র হয়েছে। ক্যাম্পাসগুলোয় শৃঙ্খলা আনতে পারছে না সরকার। কারণ দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া ভিসিরা নগ্নভাবে ছাত্রদলকে সমর্থন দিচ্ছেন। শিক্ষাঙ্গনে সরকার চরম নৈরাজ্য সৃষ্টি করছে। ফলশ্রুতিতে ক্যাম্পাসগুলোয় ছাত্রদল ক্রমেই সহিংস হয়ে উঠছে।

তিনি আরও বলেন, গত ৬ মাসের অর্থনৈতিক সূচক, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনীতির চালচিত্র বিশ্লেষণ করে বিএনপি সরকারের মেয়াদের প্রধান অর্থনৈতিক সংকট ও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার সংকট, ব্যাংকিং খাতের তারল্য সংকট ও খেলাপি ঋণ, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, রাজস্ব ঘাটতি ও ব্যাংক নির্ভর ঋণ গ্রহণ, ডলারের বিনিময় হার এবং বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দামের অস্থিরতার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর ধারাবাহিক চাপ অব্যাহত রয়েছে। বিদেশি বিনিয়োগ ও রপ্তানি কমছে এবং প্রবৃদ্ধি তলানিতে নেমেছে।

তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কমেনি বরং চাঁদাবাজি, সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্য ও ভোগপণ্যের দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ এখন খাদ্য নিরাপত্তাহীনতায়। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে। 

আরও পড়ুন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

গোলাম পরওয়ার বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে। বিরোধী দলের এমপিদের ওপর সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের বসিয়ে দেওয়া হয়েছে তদারকির জন্য। এটি সংবিধানবিরোধী কাজ। 

তিনি বলেন, জনপ্রশাসনে সৎ মানুষ যারা সরকারের মতাদর্শের অনুসারী নন- তাদের ওএসডি করা হচ্ছে, পদোন্নতি দেওয়া হচ্ছে না ও অহেতুক বদলি করা হচ্ছে। সরকার ফ্যাসিবাদী আমলের পথে হাঁটছে। সরকারি প্রশ্রয়ে ফ্যাসিবাদের অনুসারী আমলারা পদায়ন হচ্ছে, প্রমোশন পাচ্ছেন। তাদের ছাত্রছায়ায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাচ্ছে।

সরকারের ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, রিজার্ভের ক্ষেত্রে বর্তমান সরকার স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। তবে এটি সরকারের কৃতিত্ব নয়। এটি সম্পূর্ণ প্রবাসীদের হাড়, রক্ত ও ঘাম খসিয়ে দেশে পাঠানো রেমিট্যান্সের অবদান। সরকারের সব বিভাগ ও মন্ত্রণালয়ে শুধু ব্যর্থতার চিত্র দেখা যাচ্ছে। 

গোলাম পরওয়ার বলেন, আমরা চাই না সরকার ব্যর্থ হোক। তবে সরকারের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধী দল সংসদে ও রাজপথে সোচ্চার, সরব থাকবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews