বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়েহর পরবর্তী পদক্ষেপ এখন আদালতে। ২৬ বছর বয়সী এই যুবককে শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তার বাড়িতে একটি আলাদা গার্হস্থ্য সহিংসতার ঘটনায় পুলিশ ডাকা হয়েছিল।
শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেছেন, ‘এটি একটি গভীরভাবে উদ্বেগজনক ঘটনা যা আমাদের সমাজকে নাড়িয়ে দিয়েছে।’
শনিবার সকালেই আবুগারবিয়েহকে প্রথমবার আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার বিচারপূর্ব আটকের শুনানি না হওয়া পর্যন্ত তিনি জেলে থাকবেন।
হিলসবরো কাউন্টি স্টেট অ্যাটর্নি অফিসের মুখপাত্র এরিন ম্যালোনি জানিয়েছেন, ওই শুনানিতে ‘কৌঁসুলিরা যুক্তি দেবেন যে সে এখনও সমাজের জন্য বিপজ্জনক এবং বিচার পর্যন্ত তাকে কারাগারে রাখা উচিত।’
আবুগারবিয়েহর বিরুদ্ধে প্রথম-মাত্রার পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ রয়েছে। এ ছাড়া মরদেহ অবৈধভাবে সরানো, মৃত্যু গোপনের উদ্দেশ্যে রিপোর্ট না করা, তথ্যপ্রমাণ নষ্ট করা, অবৈধ আটক এবং মারধরের অভিযোগও আনা হয়েছে।
হিলসবরো কাউন্টি পাবলিক ডিফেন্ডার অফিস আবুগারবিয়েহর পক্ষে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে।