গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটাকে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শের আলম এ তথ্য নিশিত করেছেন। এর আগে গতকাল বিকালে গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন এবং বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে মেসার্স বি এম কে ২ ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স এ আর বি ব্রিকসকে ৪ লাখ টাকা এবং মেসার্স সেভেন স্টার ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক শের আলম বলেন, অবৈধ ইটভাটার কারণে বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোমেন পাল এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল