জার্মানির মিউনিখে কনসার্ট চলাকালে ফুটবল তারকা আর্লিং হলান্ডের সিগনেচার হাঁটার ভঙ্গি নকল করে ভক্তদের চমকে দিয়েছেন বিটিএস সদস্য জিমিন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
জার্মানিতে চলমান ‘আরিরাং ট্যুর’-এর একটি কনসার্টে এই ঘটনা ঘটে। ইএসপিএন মেক্সিকোর প্রতিবেদন অনুযায়ী, গত ১১ জুলাই অ্যালিয়ানৎস অ্যারেনায় মূল পরিবেশনার আগে সাউন্ডচেকের সময় এক ভক্তের হাতে থাকা একটি ব্যানার জিমিনের নজরে আসে। সেখানে মার্ভেলের ‘থর’, নরওয়ের ফুটবল তারকা আর্লিং হলান্ড এবং জিমিনের ছবি পাশাপাশি রাখা ছিল। কোরীয় ভাষায় তাদের যথাক্রমে ‘বজ্রের দেবতা’, ‘ফুটবলের দেবতা’ এবং ‘আমাদের দেবতা’ হিসেবে উল্লেখ করা হয়।
ব্যানারটি দেখে হাসলেও মূল কনসার্টে হাজারো দর্শকের সামনে আচমকাই হলান্ডের বিখ্যাত হাঁটার ভঙ্গি অনুকরণ করেন জিমিন। তার এই অভিনব অঙ্গভঙ্গিতে অ্যালিয়ানৎস অ্যারেনা করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে।
পরে ইএসপিএন মেক্সিকো ভিডিওটি প্রকাশ করে মন্তব্য করে, “হলান্ড জ্বর এবার পৌঁছে গেছে বিটিএসেও।” একই সঙ্গে চিলির জনপ্রিয় রেডিও নেটওয়ার্ক এলওএস ফোরটিও হলান্ড ও জিমিনের হাঁটার ছবি পাশাপাশি প্রকাশ করে দুই বিশ্বতারকার এই মজার মিল তুলে ধরে।