বলিউড সুপারস্টার সালমান খান, তার বোন আলভিরা খান অগ্নিহোত্রী এবং ‘স্টাইল অ্যান্ড কন্টেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালকদের ভারতের চণ্ডীগড়ের একটি জেলা আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ‘বীইং হিউম্যান’ ব্র্যান্ডের একটি জুয়েলারি শোরুমকে কেন্দ্র করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে আদালত আগামী ৫ অক্টোবর তাদের স্বশরীরে উপস্থিত থেকে অভিযোগের জবাব দিতে বলেছে।
মামলাটি দায়ের করেছেন চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত। তার অভিযোগ, ‘বীইং হিউম্যান’ ব্র্যান্ডের জুয়েলারি শোরুম চালুর নামে তাকে লাভজনক ব্যবসার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসে বিশ্বাস করে তিনি চণ্ডীগড়ের মণিমাজরায় শোরুম নির্মাণে ১ কোটি টাকাসহ মোট প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেন।
অরুণ গুপ্ত দাবি করেন, চুক্তির সব শর্ত পূরণ করে শোরুম চালু করলেও প্রতিশ্রুত ব্যবসায়িক সহায়তা পাননি। এছাড়া গহনা সরবরাহের দায়িত্বে থাকা মূল কেন্দ্রটি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাওয়ায় শোরুমে পণ্যের সংকট তৈরি হয়। এতে তার ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়ে। অভিযোগে তিনি বলেন, প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছয়জন ব্যক্তি তাকে ভুল তথ্য দিয়ে এই বিনিয়োগে প্ররোচিত করেছেন।
অন্যদিকে, শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে সংশ্লিষ্ট জুয়েলারি প্রতিষ্ঠান। তাদের দাবি, ২০১৮ সালের ওই ব্যবসায়িক চুক্তির সঙ্গে সালমান খানের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। ২০১৫ সালে ‘সালমান খান ফাউন্ডেশন’ থেকে শুধু ‘বীইং হিউম্যান’ নাম ব্যবহারের লাইসেন্স নেওয়া হয়েছিল। তাই গহনা উৎপাদন, বিপণন ও বিক্রির সম্পূর্ণ দায়িত্ব প্রতিষ্ঠানটির, এতে সালমান খান বা তার পরিবারের কোনো ভূমিকা নেই।
উভয় পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে আদালত আগামী ৫ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করেছে। সেদিন সব পক্ষকে আদালতে উপস্থিত হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হবে।