বিজ্ঞাপনচিত্রে চুক্তির কথা বলে ডেকে নিয়ে হত্যাচেষ্টা, শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী (ইসরাত জাহান)। অভিযোগ আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় গত রোববার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগে স্নিগ্ধা চৌধুরী বলেন, গত শুক্রবার বিজ্ঞাপনচিত্রের চুক্তির কথা বলে তাঁকে খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজ কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে গিয়ে তাঁকে অন্য এক নারী ভেবে মারধর করা হয়। তাঁর দাবি, একপর্যায়ে নজরুল ইসলাম ভূঁইয়া তাঁর দিকে শটগান তাক করেন, হাত-পা বেঁধে গলা চেপে ধরেন এবং কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় চুল ধরে টানাহেঁচড়াও করা হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।