তেহরান, ১৭ জুলাই – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনের গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি মন্তব্য করেন যে, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে সেতু এবং বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের অপরাধমূলক উদ্দেশ্য প্রকাশ করে।
টেলিগ্রামে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের হামলা বা হামলার হুমকি জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার চরম লঙ্ঘন। তিনি দাবি করেন যে, এসব কর্মকাণ্ড ১৯৪৯ সালের চারটি জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক ফৌজদারি আইনের মৌলিক নীতির আওতায় গুরুতর আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।
আরাগচি আরও উল্লেখ করেন যে, এ ধরনের অপরাধে সম্পৃক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করা বিশ্বের সব রাষ্ট্রের একটি নৈতিক ও আইনি দায়িত্ব। মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যকে তিনি অযৌক্তিক এবং শয়তানি হুমকি বলে আখ্যায়িত করেছেন।
একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের জনগণ তাদের স্বাধীনতা, বৈধ অধিকার এবং মানবিক মর্যাদার সুরক্ষায় অবিচল থাকায় তাদের প্রতি এই বৈরী আচরণ করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই কর্মকাণ্ডের জন্য দায়ী তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালনের দোহাই দিয়ে আইনি দায়বদ্ধতা থেকে কোনোভাবেই মুক্তি পাবেন না।
এস এম/ ১৭ জুলাই ২০২৬