সন্ত্রাসী কার্যকলাপে পাকিস্তানের সমর্থন দেয়ার কড়া সমালোচনা করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের জন্য সিন্ধু নদের এক ফোঁটা পানিও বরাদ্দ করা হবে না।
শুক্রবার (১২ জুন) তেলেঙ্গানা বিজেপি আয়োজিত এক বুদ্ধিজীবী সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
রাজনাথ সিং দাবি করেন, ‘অপারেশন সিন্দুর’- এর মাধ্যমে তারা বিশ্বকে দেখিয়েছেন যে শান্তির ভাষা যারা বোঝে না, তাদের কিভাবে জবাব দিতে হয়।
গত বছরে পাহালগাম সন্ত্রাসী হামলার পর সিন্ধু পানি চুক্তি স্থগিত করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শত্রুদের কাছে পানি পৌঁছাতে দেয়া হবে না।
এই বক্তব্য মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই পুরোনো ঘোষণারই পুনরাবৃত্তি, যেখানে তিনি বলেছিলেন—রক্ত ও পানি একসাথে বইতে পারে না।
১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ ব্যবস্থার পানি ব্যবহারের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে পাহালগাম হামলার পর আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত এই চুক্তি স্থগিত করে দেয় এবং শর্ত দেয় যে পাকিস্তানকে সীমান্ত পারের সন্ত্রাসবাদ পুরোপুরি বন্ধ করতে হবে।
নয়াদিল্লির স্পষ্ট বার্তা, মাঠের বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে কোনো চুক্তি চলতে পারে না। পাকিস্তানের দিক থেকে বৈরিতা না কমলে এই ঐতিহাসিক পানি চুক্তি স্থগিতই থাকবে।
গত ১২ বছরে এনডিএ সরকারের নানা সাফল্যের কথাও তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বা অনুচ্ছেদ ৩৭০ বাতিল, নকশাল নির্মূল, জিএসটি চালু, দেশজুড়ে বিদ্যুৎ সংযোগ এবং বিচার ব্যবস্থার সংস্কারের কথা উল্লেখ করেন।
রাজনাথ সিং দাবি করেন, কংগ্রেস একসময় বলত ৩৭০ অনুচ্ছেদ কোনোদিন বাতিল করা যাবে না, অথচ তাদের সরকার তা সহজেই করে দেখিয়েছে।
তার মতে, একসময়ের সন্ত্রাসী উপদ্রুত কাশ্মির এখন পর্যটন, বিনিয়োগ ও কর্মসংস্থানের মুখ দেখছে। সেখানে লাল চকে ভারতের জাতীয় পতাকা উড়ছে, কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে এবং বহু বছর পর সিনেমা হল খোলার পাশাপাশি মহররমের মিছিলও শান্তিপূর্ণভাবে বের হচ্ছে।
সূত্র: এনডিটিভি