একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে মার্কিন কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধের কোনো ধরনের আলোচনায় ইরান সরকার এখনই অংশ নিতে প্রস্তুত নয়।
মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন, ইরান মনে করছে যুদ্ধক্ষেত্রে তারা শক্ত অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দাবির কাছে নতি স্বীকার করার তাদের প্রয়োজন নেই। ইরান যোগাযোগের পথ খোলা রাখতে আগ্রহী হলেও তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় সত্যিই আগ্রহী—এমনটাও মনে করে না।
উল্লেখ্য, গত এক বছরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই দুইবার ইরানের ওপর হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
আরও পড়ুন
আরও পড়ুন ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ট্রাম্প সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তবে ইরান যদি যুদ্ধ চলমান রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে যুক্তরাষ্ট্রও চালিয়ে যাবে।
বুধবার (১ এপ্রিল) রাতে এক ভাষণে ট্রাম্প বলেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে—যা আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।
তবে সঠিক পরিস্থিতি তৈরি হলে ইরান কূটনৈতিক আলোচনায় অংশ নিতে পারে বলে জানিয়েছেন দুইজন ইরানি কর্মকর্তা এবং একজন পাকিস্তানি কর্মকর্তা। তাদের মতে, কেবল অস্থায়ী যুদ্ধবিরতি নয়, তেহরান চায় ওয়াশিংটন যেন স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার বিষয়ে আন্তরিকতার সঙ্গে আলোচনা করে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস