উপসাগরীয় দেশসমূহ এবং জর্ডানে ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাবন পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বুধবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৩টি দেশের সমর্থনে এই প্রস্তাবটি পাস হয়।
প্রস্তাবটিতে তেহরানকে অবিলম্বে সব ধরনের শত্রুতা ও হামলা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে বন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার কঠোর সমালোচনা করা হয়েছে এই প্রস্তাবে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এই প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থেকেছে।
গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) প্রস্তাবটি উত্থাপন করলেও বিশ্বের রেকর্ডসংখ্যক ১৩৫টি দেশ এতে সহ-পৃষ্ঠপোষকতা করেছে। জাতিসংঘের সদর দপ্তর থেকে আল জাজিরার প্রতিনিধি গ্যাব্রিয়েল এলিজোন্দো জানান, নিরাপত্তা পরিষদের ইতিহাসে এটিই সম্ভবত কোনো প্রস্তাবে সর্বোচ্চ সংখ্যক দেশের সমর্থনের রেকর্ড।
ভোটের পর জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এই প্রস্তাবকে একপেশে এবং নিরাপত্তা পরিষদের রেকর্ডে একটি স্থায়ী কলঙ্ক বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানে এ পর্যন্ত ১৩৪৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে মিনাব শহরে ১৭০ জন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুও রয়েছে। ইরাভানি বলেন, এই প্রস্তাব প্রকৃত বাস্তবতাকে আড়াল করছে এবং সংকটের মূল কারণগুলোকে এড়িয়ে যাচ্ছে।