বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের (বাকুশি) ২৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৭.৯৬ শতাংশ।

রোববার (৮ মার্চ) রাজধানীর পল্টনের বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতরে ফলাফল প্রকাশ করা হয়।

এ সময় ২৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল বোর্ডের চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) হাতে তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক (শাবান সেশন) মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী।

এ বছর কোরআন শিক্ষা বোর্ডের অধীনে ৩৩৮টি কেন্দ্রে ৮০০টি মাদরাসার ১৯৪৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আব্বাজান রহ:-এর স্বপ্ন ছিল ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কোরআনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা। চরমোনাইকে কেন্দ্র করে এর কার্যক্রম শুরু করা হয়েছে। আলহামদুলিল্লাহ ২০২৬ পর্যন্ত সারাদেশে কোরআন শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১০ হাজার প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। তার মধ্যে এ বছর ৮০০টি মাদরাসা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আরো যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদেরও বোর্ড পরীক্ষায় অংশ নেয়ার জন্য আহ্বান জানাবো।

এ সময় তিনি দেশের সকল মাদরাসার মুহতামিম, নাযিম ও দায়িত্বশীলদের বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সাথে যুক্ত হয়ে বোর্ডের সিলেবাস বাস্তবায়ন ও পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

বিশেষ করে চরমোনাইয়ের মুরিদ, মুহিবব্বিন ও বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলদের বাকুশি বোর্ডের কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মুজিবুর রহমান কালিশুরী বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আমরা পরীক্ষার ফল প্রকাশ করতে পেরেছি, এ জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। বোর্ড পরীক্ষা বাস্তবায়নের জন্য যারা কষ্ট করেছেন, সবাইকে আল্লাহ তায়ালা উত্তম জাযা দান করুন।

পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী বলেন, বোর্ডের প্রশিক্ষক, পরিদর্শকসহ বোর্ডের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা। জোন জিম্মাদার, নেগরান, মুমতাহিনদেরও ধন্যবাদ। ২৪তম কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাই সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহ তায়ালা সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

এ ছাড়াও কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী মাদরাসার মুহতামিম, উস্তাদ, শিক্ষার্থীদের তিনি ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল আলহাজ গিয়াস উদ্দিন খান, বোর্ডের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মুজিবুর রহমান কালিশুরী, উপ-মহাপরিচালক (প্রশাসন ও এস্টেট) মাওলানা মুহাম্মাদ শামসুদদোহা তালুকদার, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মাওলানা আবদুস সাত্তার হামীদি, উপ-পরিচালক (পরীক্ষা) মুফতী মঈনুদ্দীন খান তানভিরসহ বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন মাদরাসার মুহতামিম ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews