পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানো এবং যানজট নিরসনে কাজ করছেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ কর্মীরা।
জানা যায়, অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে যাতে কোনো ধরনের যানজট বা সড়ক দুর্ঘটনা না ঘটে, সে লক্ষ্যে মাঠে নেমেছেন সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার নেতৃবৃন্দ ও কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার স্কাউটস সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, দাউদকান্দির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে তারা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন। চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলতে এবং যাত্রীদের নিরাপদে রাস্তা পারাপারে সচেতন করছেন তারা।
এই সচেতনতামূলক কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন।
তিনি জানান, ঈদযাত্রায় প্রতিবছরই মহাসড়কে বাড়তি চাপ থাকে। অসচেতনতার কারণে যেন কোনো প্রাণহানি বা দুর্ঘটনা না ঘটে এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে ও হাসিমুখে পরিবারের কাছে পৌঁছাতে পারেন, সেজন্যই আমাদের এই পথচারী ও চালক সচেতনতামূলক কার্যক্রম।
কুমিল্লা মুক্ত স্কাউটস গ্রুপের রোভার মেট আনিছুর রহমান জয় বলেন, চোখে ক্লান্তি থাকলেও সাধারণ মানুষের মুখে স্বস্তির হাসি দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। বৃষ্টি বা রোদের তোয়াক্কা না করে আমরা রোভার স্কাউটের সদস্যরা মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।
বিডি-প্রতিদিন/টিএ