ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে পাঁচটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার ঝাড়সিংহেশ্বর এলাকার তিস্তা নদীর চরসংলগ্ন বাংলাদেশ অংশ থেকে মালিকবিহীন অবস্থায় গরুগুলো জব্দ করা হয়।
রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজিউর রহমান নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহলের অংশ হিসেবে ডিমলা উপজেলার কালীগঞ্জ বিওপির একটি টহল দল ঝাড়সিংহেশ্বর এলাকায় অভিযান চালায়। এসময় তিস্তা নদীর চরে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় গরু পাওয়া যায়। পরে গরুগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেয়া হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। ভবিষ্যতেও আরো বড় পরিসরে অভিযান পরিচালনা করে চোরাচালান চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হবে।’