কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসেন আলী (৫৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজিং মেশিন ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিম ফুলমতি এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে পশ্চিম ফুলমতি গ্রামের মৃত ওসমান আলীর ছেলে হাসেন আলীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ ও জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।
এইচএসএস