নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদরা ব্যস্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে। দুরন্ত পারফরম্যান্সে মিরপুর টেস্টে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকে। এখন প্রস্তুতি নিচ্ছে সিলেট টেস্ট খেলার। ১৬ মে শুরু হবে দ্বিতীয় টেস্ট। জাতীয় দলের ক্রিকেটাররা যখন ব্যস্ত টেস্ট সিরিজ নিয়ে, তখন দেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে ব্যস্ত অন্যরা। গতকাল চতুর্থ রাউন্ডের খেলায় অংশ নিয়েছে প্রিমিয়ার ক্রিকেটের দলগুলো। শিরোপাপ্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক টানা চতুর্থ জয় পেয়েছে লিগে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী, ঢাকা লিওপার্ডস, অগ্রণী ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব জিতেছে। এবারের লিগ সিঙ্গেল পদ্ধতির। সুপার লিগ না থাকলেও রেলিগেশন রয়েছে। প্রাইম ব্যাংকের অ্যালিস হ্যাটট্রিক করেন।
মোহামেডান সর্বশেষ ২০০৯ সালে প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা জিতেছিল। এর পর ১৫ বছর ধরে শিরোপা খরায় ভুগছে তারা। এবার শিরোপা জিততে শক্তিশালী দল গড়েছে ঐতিহ্যবাহী দলটি। পুবেরাগাঁও ক্রিকেট একাডেমি মাঠে তাওহিদ হৃদয়ের নেতৃত্বে মোহামেডান পাত্তাই দেয়নি বসুন্ধরা স্ট্রাইকার্সকে। বাঁ-হাতি সিম বোলার মৃত্যুঞ্জয় চৌধুরীর বিধ্বংসী বোলিংয়ে বসুন্ধরা মাত্র ৮০ রানে গুটিয়ে যায় ২৩.৫ ওভারে। ম্যাচসেরা মৃত্যুঞ্জয়ের বোলিং স্পেল ৭.৫-১-২২-৬। সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও লেগ স্পিনার রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন। ৮১ রানের টার্গেটে এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম শেখ ৮.১ ওভারে অবিচ্ছিন্ন থেকে ১০ উইকেটের জয় তুলে মোহামেডানকে বড় জয় উপহার দেন। এনামুল ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৮ বলে ৬ চার ও এক ছক্কায়। নাঈম ৩১ রানে অপরাজিত থাকেন। স্ট্রাইকার্সের এটা চতুর্থ ম্যাচে দ্বিতীয় হার। ইউল্যাব মাঠে আরেক শিরোপাপ্রত্যাশী প্রাইম ব্যাংক ১৯৮ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। প্রাইম ব্যাংককে পাহাড়সমান জয় উপহার দিতে হ্যাটট্রিক করেন অফ স্পিনার অ্যালিস ইসলাম। ম্যাচসেরা অ্যালিসের বোলিং স্পেল ৯.২-১-২১-৬। প্রথম ব্যাটিংয়ে প্রাইম ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৩ রান করে। দলটির দুই ওপেনার শাহাদাত হোসেন ও আজিজুল হাকিম ৩১.২ ওভারে ১৪৬ রানের ভিত দেন। শাহাদাত হোসেন ৭১ রান করেন ৮৮ বলে ২ চার ও ৩ ছক্কায়। আজিজুল ৭৮ রান করেন ১০৭ বলে ৩টি করে চার ও ছক্কায়। শামীম হোসেন ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন ৪৫ বলে ২ চার ও ৩ ছক্কায়। ৩০৪ রানের টার্গেটে অ্যালিসের ঘূর্ণিতে গাজী ৩০.২ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায়। প্রাইম ব্যাংকের টানা চতুর্থ জয় এবং গাজীর চার ম্যাচে দ্বিতীয় জয়।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিগে টানা দুই ম্যাচ হেরেছিল। সেই ধাক্কা সামলে টানা দুই জয় তুলে নিয়ে শিরোপা দৌড়ে ফিরেছে। যদিও মোহামেডান ও প্রাইম ব্যাংক থেকে বেশ পিছিয়ে। বিকেএসপি-৪ নম্বর মাঠে আবাহনী পাত্তাই দেয়নি রূপগঞ্জ ক্রিকেটার্সকে। ২৪.২ ওভার হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ব্যাটিংয়ে রূপগঞ্জ টাইগার্স ৪৬.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়। আবাহনীর পক্ষে বিধ্বংসী বোলিং করা মাহফুজুর রহমান রাব্বির বোলিং স্পেল ১০-২-২৫-৫। আবাহনী অনায়াসে জয় তুলে নেয় সৌম্য সরকারের ৭৬ বলে ৭ চার ও ২ ছক্কায় সাজানো ৬৫ রানে ভর করে। এ ছাড়া জাকের আলি অনিক অপরাজিত থাকেন ৪৪ রানে। বিকেএসপি-৩ নম্বর মাঠে ঢাকা লিওপার্ডস ৯২ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। প্রথম ব্যাটিংয়ে ১৭৮ রান করে গুলশান। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন আলিফ হোসেন। লিওপার্ডস লিগে দ্বিতীয় জয় পেতে ৩৪.৪ ওভার ব্যয় করে। দলটির পক্ষে সর্বোচ্চ ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সৈকত আলি। বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট স্টেডিয়ামে ডিএল মেথডে অগ্রণী ব্যাংক ৭৭ রানে হারায় লিজেন্ডস অব রূপগঞ্জকে। ক্রিকেটার্স একাডেমি মাঠে ব্রাদার্স ইউনিয়ন ডিএল মেথডে ২৭ রানে হারিয়েছে সিটি ক্লাবকে। ব্রাদার্সের এটা প্রথম জয় এবং সিটি ক্লাবের দ্বিতীয় হার।