সালেহা বেগমের সঙ্গে সনি সিনেমা হলের সামনে আজ দুপুরে এই প্রতিবেদকের কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ও স্বামী কাজ করে মাসে ২৫ হাজার টাকার মতো আয় করি। এ ছাড়া তিন মাস পরপর বয়স্ক ভাতার ১ হাজার ৯০০ টাকা পাই। এ টাকায় সংসার খরচ চলে না।’ তিনি কিছুটা আক্ষেপ করে বলেন, সুযোগ পেলেই কিছুটা সাশ্রয়ী দামে পণ্য কিনতে টিসিবির ট্রাকের পেছনে দাঁড়ান। তাই আজও দাঁড়িয়েছেন।
সালেহা বেগমের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর সাইফুল পরিবারের কয়েকজন ছাড়া অন্য কাউকে চিনতে পারে না। মনে রাখতে পারে না বাসার ঠিকানাও। এ পর্যন্ত তিনবার হারিয়ে গিয়েছিল সে। সবশেষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার দিনে মিরপুর–১ থেকে হারিয়ে যায়। পরে নারায়ণগঞ্জ থেকে তাকে খুঁজে পায় পুলিশ। এ কারণে সাইফুলকে সব সময় পায়ে শিকল বেঁধে রাখেন নানি সালেহা বেগম।
টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে সাইফুলকে সঙ্গে নিয়ে আজ বেলা সাড়ে ১১টায় বাসা থেকে বের হন সালেহা বেগম। প্রথমে যান সরকারি বাঙলা কলেজের দিকে। সেখানে এক ঘণ্টা অপেক্ষা করে ট্রাকের খোঁজে পরে রিকশায় মিরপুর–২–এর দিকে রওনা হন। মিরপুর-২-এ যাওয়ার সময় সনি সিনেমা হলের সামনে মানুষের জটলা দেখে নামেন।