নড়াইলের লোহাগড়ায় টিকটকে আসক্ত স্ত্রী সুমনা ফেরদৌসীকে (৩৬) হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী লিমন মল্লিককে (৩০) আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) রাতে উপজেলার চরদিঘলিয়া গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে অভিযুক্ত লিমনকে আটক করা হয়।
নিহত সুমনা লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
লিমন পুলিশকে জানান, স্ত্রী সুমনা টিকটকে ভিডিও পোস্ট করার পাশাপাশি পরপুরুষদের সঙ্গে বিভিন্ন ধরণের ছবি ও ভিডিও আদান-প্রদান করতো। এ নিয়ে লিমন ও সুমনার মধ্যে প্রায়ই কলহ সৃষ্টি হতো। এর জের ধরে সুমনাকে সোমবার সকালে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে বাইরে বেরিয়ে যান লিমন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, স্ত্রী সুমনাকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর জন্য তাকে ঘরে মধ্যে ঝুলিয়ে রেখে বাইরে চলে যান লিমন। তবে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন লিমন। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএইচ