এমির ৭৮ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই বছরে ভিন্ন দুটি সিরিজে অভিনয়ের জন্য একই রাতে একাধিক ‘লিড অ্যাক্টর’ পুরস্কার জেতা প্রথম অভিনেতা তিনি। ‘উইডোজ বে’ ও ‘দ্য বিস্ট ইন মি’-দুই সিরিজের অভিনয়ের জন্য এবারের এমিতে পুরস্কৃত হয়েছেন ৫১ বছর বয়সী এই অভিনেতা।

সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয় এবারের এমি অ্যাওয়ার্ডস। অ্যাপল টিভির ‘উইডোজ বে’-এর জন্য কমেডি বিভাগে সেরা অভিনেতা এবং নেটফ্লিক্সের ‘দ্য বিস্ট ইন মি’-এর জন্য সীমিত সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জেতেন রাইস।

এর আগে ২০১৮ সালে ‘দ্য আমেরিকানস’ সিরিজের জন্য ড্রামা বিভাগে সেরা অভিনেতার এমি জিতেছিলেন তিনি। ফলে তিনটি প্রধান অভিনয় বিভাগেই পুরস্কারজয়ী প্রথম পুরুষ অভিনয়শিল্পীও এখন ম্যাথিউ রাইস।

‘উইডোজ বে’-এর জন্য পুরস্কার গ্রহণের সময় রাইস তাঁর জন্মভূমি ওয়েলসের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘ওয়েলসের মহান ও ভালো মানুষদের ধন্যবাদ। অন্য সবার মতো তাঁরাও আমাকে গড়ে তুলতে ভূমিকা রেখেছেন। আমরা ছোট, কিন্তু শক্তিশালী একটি জাতি। এটা অবিশ্বাস্য।’

পুরস্কার জয়ের পর গণমাধ্যমকে রাইস বলেন, ‘আমি কিছুটা উচ্ছ্বসিত এবং একটু মাথা ঘোরার মতো লাগছে। সত্যি বলতে, কী ঘটেছে তা আমি বিশ্বাসই করতে পারছি না। আশা করি, আগামীকাল বিষয়টি নিয়ে ভাবতে পারব। এই মুহূর্তে সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না কী ঘটেছে।’

‘দ্য বিস্ট ইন মি’-এর জন্য পুরস্কার জিতবেন, এমনটা তিনি ভাবেননি বলেও জানান। রাইস বলেন, ‘এটা ছিল ভীষণ বড় এক বিস্ময়। আপনারা নিশ্চয়ই আমার এলোমেলো বক্তব্য থেকেই সেটা বুঝতে পেরেছেন... কী ভয়াবহ একটা বক্তৃতা দিয়েছি!’

‘উইডোজ বে’-এর দাপট

লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে এবারের এমি অনুষ্ঠানে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ‘উইডোজ বে’। মোট ১৪টি পুরস্কার জিতেছে সিরিজটি। এর মধ্যে রয়েছে সেরা কমেডি সিরিজ, কমেডি বিভাগে সেরা পার্শ্ব অভিনেত্রী কেট ও’ফ্লিন এবং সেরা পার্শ্ব অভিনেতা স্টিফেন রুটের পুরস্কার। সিরিজটির নির্মাতা কেটি ডিপোল্ড পেয়েছেন সেরা চিত্রনাট্যের পুরস্কার। সেরা পরিচালক হয়েছেন হিরো মুরাই।

অন্যদিকে ড্রামা বিভাগে সেরা সিরিজের পুরস্কার পেয়েছে ‘দ্য পিট’। একই সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন নোয়া ওয়াইল। এ বছর ২৫টি মনোনয়ন নিয়ে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া সিরিজ ছিল ‘দ্য পিট’। মোট ছয়টি পুরস্কার জিতেছে সিরিজটি।

টানা দুই বছর ড্রামা বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতে নোয়া ওয়াইল গড়েছেন আরেকটি রেকর্ড। ‘ব্রেকিং ব্যাড’-এর ব্রায়ান ক্র্যানস্টনের পর তিনিই প্রথম অভিনেতা, যিনি পরপর দুই বছর এই পুরস্কার জিতলেন।

পুরস্কার গ্রহণের সময় নিজের বেড়ে ওঠার কথা বলেন ওয়াইল। তিনি বলেন, ‘আমি লস অ্যাঞ্জেলেসে বড় হয়েছি। আমি হলিউডের সন্তান। টেলিভিশন দেখতে দেখতে আমার বেড়ে ওঠা, আর সিনেমা হল ছিল আমার উপাসনালয়। আমি সব সময় এটাই করতে চেয়েছি এবং এই ক্লাবেই যোগ দিতে চেয়েছি। আমাকে গ্রহণ করার জন্য ধন্যবাদ।’

প্রতি মৌসুমে পুরস্কার জিতে জিন স্মার্টের রেকর্ড


অভিনয় বিভাগে এবারের এমিতে বিশেষ রেকর্ড গড়েছেন জিন স্মার্ট। ‘হ্যাকস’-এর পঞ্চম ও শেষ মৌসুমে ডেবোরাহ ভ্যান্স চরিত্রে অভিনয়ের জন্য কমেডি বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এই নিয়ে সিরিজটির প্রতিটি মৌসুমেই এই বিভাগে এমি জিতলেন স্মার্ট। ফলে কোনো একটি সিরিজের প্রতিটি মৌসুমে অভিনয়ের জন্য এমি জেতা প্রথম নারী অভিনয়শিল্পী হয়েছেন তিনি।

এটি জিন স্মার্টের অভিনয়জীবনের অষ্টম এমি। একই সংখ্যক অভিনয় পুরস্কার নিয়ে তাঁর সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি অভিনয় এমি জয়ের রেকর্ডে আছেন জুলিয়া লুই-ড্রেফাস, ক্লোরিস লিচম্যান ও অ্যালিসন জ্যানি। ‘দ্য ডিপ্লোম্যাট’-এর জন্য এবার সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জ্যানি।

ড্রামা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘প্লুরিবাস’-এর রিয়া সিহর্ন। এটি তাঁর প্রথম এমি। ‘টাস্ক’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন টম পেলফ্রে। এই বিভাগে ‘দ্য পিট’-এর একাধিক অভিনেতা মনোনয়ন পাওয়ায় প্রতিযোগিতাটি ছিল বেশ জমজমাট।

সীমিত সিরিজে এগিয়ে ‘ডিটিএফ সেন্ট লুই’

সীমিত বা অ্যান্থলজি সিরিজ বিভাগে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ‘ডিটিএফ সেন্ট লুই’। সিরিজটি মোট সাতটি পুরস্কার জিতেছে। এর মধ্যে সেরা সিরিজ, সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ডেভিড হারবার এবং সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে লিন্ডা কার্ডেলিনির পুরস্কার রয়েছে।

‘দ্য লেট শো’ বন্ধ হয়ে যাওয়ার বিতর্কের মধ্যেই অনুষ্ঠানের শেষ মৌসুমের জন্য ভ্যারাইটি শো বিভাগে এমি জিতেছেন স্টিফেন কলবার্ট। এক দশক ধরে অনুষ্ঠানে কাজ করা ‘দুই শতাধিক’ কর্মীকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি তাঁদের প্রতিভার প্রশংসা করে কলবার্ট বলেন, ‘তাঁদের নিয়োগ দিন। তাঁরা আপনার দিনকে আরও ভালো করে তুলবেন এবং আপনার জীবনকে আরও সহজ করবেন।’

রাজনীতি নিয়ে তুলনামূলক কম বক্তব্য

আগের কয়েক বছরের তুলনায় এবারের এমি অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য ছিল তুলনামূলক কম। ‘প্লুরিবাস’-এর জন্য ড্রামা বিভাগে সেরা চিত্রনাট্যের পুরস্কার গ্রহণের সময় সিরিজটির নির্মাতা ভিন্স গিলিগান বলেন, সিরিজটি এমন একটি পৃথিবীকে তুলে ধরে, যেখানে সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে-‘এটা যেন কল্পবিজ্ঞান। তবে ভাবুন তো, আমাদের বর্তমান বাস্তবতার চেয়ে অদ্ভুত আর কিছু কি হতে পারে?’

তিনি আরও বলেন, ‘আমরা সব বিষয়ে কখনোই একমত হব না। কিন্তু আমরা একে অপরের প্রতি সম্মান দেখাতে পারি। আর আমরা সেই অল্প কয়েকজন মানুষের কথা শোনা বন্ধ করতে পারি, যারা মনে করেন সম্মান দেখানো বোকামি।’

‘দ্য পিট’-এর নির্মাতা আর স্কট জেমিল সেরা ড্রামা সিরিজের পুরস্কার গ্রহণের সময় বলেন, ‘কী বাস্তব আর কী বিশ্বাস করা যায়, তা বোঝা এখন খুব কঠিন হয়ে গেছে। তাই বাস্তব মানুষের সংগ্রাম নিয়ে সৎ গল্প বলা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যা করেন, তা মানুষের জীবন বদলে দেয়।’

এবারের অনুষ্ঠানে মনোনয়ন পেয়েও কোনো পুরস্কার জিততে পারেনি ‘শ্রিংকিং’, ‘অ্যা নাইট অব দ্য সেভেন কিংডমস’, ‘বিফ’, ‘মার্গো’স গট মানি ট্রাবলস’, ‘অ্যাবট এলিমেন্টারি’ ও ‘প্যারাডাইস’সহ কয়েকটি সিরিজ।

বিবিসি এবং দ্য গার্ডিয়ান অবলম্বনে





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews