সিডনি সুইনির নতুন বিজ্ঞাপন ঘিরে বিতর্ক থামছে না। খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারে নগ্ন অবস্থায় দেখা গেছে অভিনেত্রীকে। বিজ্ঞাপনটি প্রকাশের পর কেউ কেউ অভিযোগ করেছেন, এতে নারীদেহকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এবার সেই সমালোচনার সরাসরি জবাব না দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় কিছু ছবি পোস্ট করেছেন সুইনি।
অন্য তারকাদের ছবি দিয়ে কী বোঝাতে চাইলেন সুইনি?
সমালোচনার মুখে ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি শেয়ার করেন সুইনি। এর মধ্যে ছিল টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, সাবেক মিশ্র মার্শাল আর্টস (এমএমএ) যোদ্ধা রোন্ডা রাউসি এবং বাস্কেটবল তারকা সু বার্ডের ছবি। অতীতে বিজ্ঞাপনের প্রয়োজনে এই তারকারাও নগ্ন বা অল্প পোশাকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
পরে আরও কয়েকজন ক্রীড়াবিদের ছবি পোস্ট করেন সুইনি। তাঁদের মধ্যে ছিলেন মেগান র্যাপিনো, রব গ্রনকোস্কি ও জেসন কেলসি। এই পোস্টগুলোর মাধ্যমে অভিনেত্রী হয়তো বোঝাতে চেয়েছেন, খেলাধুলাভিত্তিক বিজ্ঞাপনে নগ্নতা নতুন কোনো বিষয় নয়। তবে তিনি কোথাও সরাসরি সমালোচনার জবাব দেননি। তাই পোস্টগুলো আদৌ বিজ্ঞাপন নিয়ে বিতর্কের প্রতিক্রিয়া কি না, তা নিশ্চিত নয়।