অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশগমন রোধ এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘অবৈধ ঝুঁকিপথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধপথে ইউরোপ গমনের উপায়’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় সিলেট প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থা অতিমাত্রায় সনদনির্ভর হয়ে পড়ায় এবং কারিগরি দক্ষতার ঘাটতির কারণে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশ কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করতে পারছে না। একই সঙ্গে অবৈধ পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রাণহানি ও মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মীদের নির্যাতনের ঘটনা জাতীয় উদ্বেগে পরিণত হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিএসসির সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান। তিনি বলেন, বৈধভাবে বিদেশে গিয়েও অনেকে বিভিন্ন জটিলতায় পড়ে অবৈধ অবস্থানে চলে যাচ্ছেন। কন্টাক্ট ম্যারেজ, কেয়ার ভিসা ও স্টুডেন্ট ভিসার অপব্যবহারের কারণে অনেকে বিপদে পড়ছেন। তিনি শিক্ষার্থীদের দেশে স্নাতক সম্পন্ন করে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার পরামর্শ দেন এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরো বলেন, ব্রেক্সিট-পরবর্তী সময়ে যুক্তরাজ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলেও ইংরেজি ভাষা ও কারিগরি দক্ষতার অভাবে বাংলাদেশিরা সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে পারেননি। দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তিনি।

জিএসসির বর্তমান চেয়ারম্যান সালেহ আহমদ বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। একই সঙ্গে সিলেট-ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট পুনরায় চালু হওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বৈধ পথে বিদেশ গমনের আহ্বান জানান।

সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর। তিনি মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মীদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, নারীদের দেশের বাইরে পাঠানোর পরিবর্তে দেশে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন।

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, কর্মসংস্থানের অভাব ও দালালচক্রের প্রলোভনে পড়ে যুবসমাজ জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাচ্ছে। এ ক্ষেত্রে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জিএসসি সিলেট চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক কবির দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন। অধ্যাপক ফরিদ আহমদ বলেন, কারিগরি শিক্ষায় প্রবাসী বিনিয়োগ বাড়ানো গেলে দক্ষ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews