ফিফা বিশ্বকাপকে ঘিরে বহুদিন ধরেই আলোচনায় ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়ের নতুন গান। অবশেষে প্রকাশিত হয়েছে সেই বহুল প্রতীক্ষিত ট্র্যাক ‘সির সির’, যেখানে তার সঙ্গে কণ্ঠ ও পারফরম্যান্সে যুক্ত হয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজড্রিম।

সোমবার (বাংলাদেশ সময়) সন্ধ্যায় গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ফুটবল বিশ্বকাপের আবহকে কেন্দ্র করে তৈরি হওয়া গানটির মিউজিক ভিডিওতে রয়েছে উৎসবমুখর পরিবেশ, প্রাণবন্ত নৃত্য এবং ফুটবল উন্মাদনার নানা অনুষঙ্গ। ভিডিওতে একদল নৃত্যশিল্পীর সঙ্গে জমকালো পারফরম্যান্স করতে দেখা গেছে নোরা ফাতেহিকে। পাশাপাশি উপস্থিত রয়েছেন সঞ্জয় ও ভেজড্রিমও।

গানটি প্রকাশের পর নিজের ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে সঞ্জয় লেখেন, “কয়েক মাসের পরিশ্রম এবং বিভিন্ন দেশের অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজের ফল এটি। আমরা কী তৈরি করেছি, তা দেখুন। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।”


বিশেষ গুরুত্বের বিষয় হলো, ‘সির সির’ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ হিসেবে স্থান পেয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত কোনো আমেরিকান শিল্পী ফিফার এই মর্যাদাপূর্ণ সংগীত উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন। জানা গেছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও এই শিল্পীরা পারফর্ম করবেন।

উল্লেখ্য, সঞ্জয় ও নোরা ফাতেহি এর আগেও একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি কন্নড় চলচ্চিত্র ‘কেডি—দ্য ডেভিল’-এর ‘সারকে চুনার তেরি সারকে’ গানটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। পরে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। তবে নতুন গান ‘সির সির’ প্রকাশের পর ভক্তদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন এই তারকা জুটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews