বুয়েনস আইরেস,৯ সেপ্টেম্বর- লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। দীর্ঘদিনের অধিনায়কের জায়গায় এবার আলবিসেলেস্তেদের নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকেই নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। একই সময়ে নিকোলাস ওতামেন্দির বিদায়েও দলের নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণে রোমেরোকেই সবচেয়ে যোগ্য মনে করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর অনেক আগেই রোমেরোকে পরবর্তী অধিনায়ক করার পরিকল্পনা করে রেখেছিল স্কালোনির কোচিং স্টাফ। তাই মেসির বিদায়ের পর অধিনায়ক নির্বাচন নিয়ে বড় কোনো চমক দেখা যায়নি।

জাতীয় দলের জার্সিতে রোমেরোর পথচলাও বেশ বর্ণিল। আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ে রক্ষণভাগের এই তারকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

শুধু রক্ষণ সামলানো নয়, মাঠে রোমেরোর আগ্রাসী মানসিকতা ও নেতৃত্বগুণও দীর্ঘদিন ধরে নজর কেড়েছে। মেসি-ওতামেন্দির পর নতুন প্রজন্মের নেতৃত্ব তার হাতে তুলে দিয়ে ভবিষ্যতের জন্যও একটি বার্তা দিয়েছে আর্জেন্টিনা।

রোমেরোর নেতৃত্বে আর্জেন্টিনার নতুন যাত্রায় সহ-অধিনায়ক হিসেবে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। ফলে নতুন অধিনায়কের পাশে থাকছেন বিশ্বজয়ী দলের আরেক পরীক্ষিত নেতা।

মেসির ছায়া পেরিয়ে রোমেরোর সামনে এখন বড় চ্যালেঞ্জ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। কিংবদন্তির বিদায়ের পর নতুন অধিনায়কের হাত ধরেই শুরু হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের নতুন অধ্যায়।

এস এম/ ৯ সেপ্টেম্বর ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews