দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদ দেখে কুমিল্লায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার যুগান্তরের শেষ পৃষ্ঠায় ‘কুমিল্লায় চাঁদাবাজি বন্ধের দাবিতে এমপির গাড়ি আটকে বিক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সেটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরপর তার নির্দেশে কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করা হয়। সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো ধরনের চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তার সরকার পিছপা হবে না। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেছেন। রোববার দুপুরে থানার প্রধান ফটক ঘেরাও করে তারা বিভিন্ন স্লোগান দেন। কাইয়ুমের মুক্তির দাবিতে শাসনগাছা টার্মিনাল থেকে বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়। তবে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে টার্মিনাল থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে বাস চলাচল শুরু হয়।
রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি নেতা রেজাউল কাইয়ুম কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-পুলিশের হেফাজতে ছিলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আটকের পর তার অনুসারীরা থানার সামনে জড়ো হলেও সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে। সিনিয়র অফিসারদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সূত্রজানায়, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রোববার দুপুরে রেজাউল কাইয়ুমকে শহরতলির শাসনগাছা এলাকা থেকে আটক করে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ। এর প্রতিবাদে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা থানার সামনে অবস্থান নেন। প্রধান ফটক ঘেরাও করে তারা একটু পরপরই রেজাউলের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনার প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন বিভিন্ন পরিবহণের চালক ও শ্রমিকরা। এতে টার্মিনাল থেকে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-সিলেটসহ বেশ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া একদল লোক ব্যবসায়ীদের হুমকি দিয়ে এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। তবে বিকালে শাসনগাছা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, আগের মতোই বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানও চালু আছে। তবে জেলার বুড়িচং-ব্রাহ্মণপাড়া থেকে আসা সিএনজি অটোরিকশাগুলোকে শাসনগাছায় প্রবেশে বাধা দেন একদল লোক। এতে অটোরিকশাচালকরা আতঙ্কে আছেন। এছাড়া ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তার বাসাও শাসনগাছা বাস টার্মিনালের পাশে। তাকে আটকের পর কোতোয়ালি থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান টিপু বলেন, রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালের চালকরা চাঁদাবাজির অভিযোগ করেছেন। এ ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। আমরা এটা সমর্থন করি না। তবে সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হলে আমাদের কোনো সমস্যা নেই। ভিত্তিহীন অভিযোগে হয়রানি বা হেনস্তা করা হলে তা দলের জন্য এবং দেশের জন্য ক্ষতি বলে আমরা মনে করি। টিপু আরও বলেন, শাসনগাছা বাস টার্মিনালে মালিক সমিতির মাধ্যমে গেটপাস আদায় করা হয়। এখানে চাঁদাবাজির সঙ্গে কেউ জড়িত থাকলে প্রশাসন ব্যবস্থা নিক আমাদের তাতে কোনো আপত্তি নেই।
জানা গেছে, এর আগে শুক্রবার সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে সিএনজিচালকরা কুমিল্লা-৫ আসনের সংসদ-সদস্য জসিম উদ্দিনকে আটকে রেখে বিক্ষোভ করা হয়। এ সময় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন এবং রেজাউল কাইয়ুমকে ফোন করে সংসদ-সদস্য জসিম উদ্দিন প্রতিকার চান।