কারাকাস, ১ জুলাই – ভেনেজুয়েলায় গত ২৪ জুন ভোরে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। দেশটির ইতিহাসে ১২৬ বছর পর এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হলেন নাগরিকরা।

রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৭১৯ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন প্রায় ৫ হাজার ৩৪ জন। এছাড়া গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ১২ হাজার মানুষ। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনো উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের এবং জ্যামন ভ্যান ডেন হুক স্যাটেলাইট রাডার তথ্য বিশ্লেষণ করে ক্ষয়ক্ষতির একটি চিত্র তুলে ধরেছেন। তাদের মতে এই ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার সেন্টিনেল এক রাডার উপাত্তের ওপর ভিত্তি করে এই প্রাথমিক মূল্যায়ন তৈরি করা হয়েছে। তবে ভেনেজুয়েলা সরকারের দেওয়া তথ্যানুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা ভিন্ন।

দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান যে ভূমিকম্পে ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে। ৭.৫ মাত্রার প্রধান ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইয়ারাকুই অঙ্গরাজ্যের ইউমারে শহরের কাছে এবং ৭.২ মাত্রার অপরটি সান ফেলিপে শহরের উত্তরে আঘাত হানে।

এর আগে ১৯০০ সালে সান নারসিসো ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল যার মাত্রা ছিল ৭.৬ থেকে ৭.৭।

এনএন/ ১ জুলাই ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews