ভারতে অবস্থানরত ‘অবৈধ’ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ঢাকাকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। ভারত চায়, তাদের দেওয়া তালিকাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব নিশ্চিত করে দ্রুত ও সুশৃঙ্খল প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, এখন পর্যন্ত ২ হাজার ৮৬২টি নথি পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে অনেক মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। বাংলাদেশ সরকারকে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

রনধীর জয়সওয়াল বলেন, “এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বিত সহযোগিতা প্রয়োজন। আমরা আশা করছি বাংলাদেশ সরকার যত দ্রুত সম্ভব এ বিষয়ে সহায়তা করবে। কারণ ভারতে অবৈধভাবে বসবাসকারী যে দেশেরই হোক না কেন তাদের ফেরত পাঠানো দিল্লির নীতি।”

এছাড়া তিস্তা নদীর পানি বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে, যেগুলো দুই দেশই ব্যবহার করে থাকে। এসব নদী-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য সুসংগঠিত দ্বিপাক্ষিক কাঠামো রয়েছে এবং সেখানে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যমান ব্যবস্থার মাধ্যমেই পানি–সংক্রান্ত যেকোনও ইস্যু সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।” সূত্র: দ্য হিন্দু, এএনআই, দ্য প্রিন্ট

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews