হারুনুর রশিদ, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মহিলা কলেজ সড়কে নির্মাণাধীন একটি ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাইয়ের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এতে ড্রেনের কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ ও জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঢালাইয়ের আগে খুঁটিটি সরিয়ে নেয়া হবে।

সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রয়েছে। খুঁটি অপসারণ না করেই এর চারপাশে রডের কাঠামো তৈরি করা হয়েছে। নির্মাণকর্মীরা ঢালাইয়ের প্রস্তুতিও নিচ্ছেন। এ ছাড়া নির্মাণস্থলে বাঁশের তৈরি অস্থায়ী সেতু ও ছড়িয়ে–ছিটিয়ে থাকা নির্মাণসামগ্রীর কারণে পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ড্রেনের মাঝখানে খুঁটি রেখে নির্মাণকাজ শেষ হলে পানি চলাচলে বাধা সৃষ্টি হতে পারে। ভবিষ্যতে ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজও কঠিন হয়ে পড়বে। এ ছাড়া খুঁটিটি ঘিরে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বলে দাবি তাদের।

স্থানীয়রা বলেন, স্থায়ীভাবে সমস্যা এড়াতে ঢালাইয়ের আগেই বৈদ্যুতিক খুঁটিটি অপসারণ করা প্রয়োজন। একইসাথে নির্মাণকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকিও জরুরি।

এ বিষয়ে রায়পুর পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেন, ‘বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা দ্রুত খুঁটিটি সরিয়ে নেবে।’

রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোশারফ হোসেন বলেন, ‘খুব শিগগিরই খুঁটি অপসারণের ব্যবস্থা নেয়া হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews