বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বর্তমানে প্রায় ১৪ হাজার ২৭৮ কেজি সোনা রয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ১৩ হাজার ৪৩৬ কোটি টাকা। মজুত এই সোনার বড় অংশই সংরক্ষিত আছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক অব ইংল্যান্ডে। বাকি সোনা রাখা আছে কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের ভল্টে।
কেন্দ্রীয় ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকা সোনার পরিমাণে কোনো পরিবর্তন হয়নি। তবে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা সোনার মূল্যমানও অনেকটা বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের কাছে মোট ৪ লাখ ৫৯ হাজার ১৬৩ দশমিক ৫২ ট্রয় আউন্স সোনা মজুত ছিল। ২০২৫-২৬ অর্থবছর শেষেও সোনার সেই পরিমাণ অপরিবর্তিত রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা সোনার মোট আর্থিক মূল্য ছিল ১১ হাজার ১৪ কোটি ১০ লাখ টাকা। গত অর্থবছর শেষে সেই মূল্যমান বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকায়। অর্থাৎ পরিমাণ একই থাকলেও মজুত সোনার বাজারমূল্য বেড়েছে প্রায় ২ হাজার ৪২২ কোটি ৫২ লাখ টাকা।
বিশ্ববাজারে সোনা, রুপা ও প্লাটিনামের মতো মূল্যবান ধাতুর ওজন সাধারণত ট্রয় আউন্সে পরিমাপ করা হয়। এক ট্রয় আউন্স সমান ৩১ দশমিক ১০৩৫ গ্রাম। ট্রয় আউন্সের হিসাব আর সাধারণ আউন্সের হিসাব এক নয়। সাধারণ আউন্সের ওজন ২৮ দশমিক ৩৫ গ্রাম। খাদ্যসহ দৈনন্দিন পণ্যের ওজন মাপতে এই হিসাব ব্যবহৃত হয়।