পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে যেন উড়ছেন বাবর আজম। মাত্র ৯ দিনের ব্যবধানে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন এই পাকিস্তানি ব্যাটার।
মঙ্গলবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৫৯ বলে ১০৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ক্যারিয়ারের ১৩তম টি-টোয়েন্টি শতক তুলে নেন বাবর। একইসঙ্গে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির অনন্য রেকর্ড এখন পেশোয়ার জালমির অধিনায়কের দখলে।
গত ১৯ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৫২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বাবর। ১৯২ স্ট্রাইক রেটের ইনিংসটিতে মাত্র একটি বল ডট দিয়েছেন তিনি যা ৫০ বা এর চেয়ে বেশি বলের ইনিংসে সবচেয়ে কম।
বাবরের স্ট্রাইক রেট ছিল ১৭৪.৫৭। চারটি ছক্কা ও ১২টি বাউন্ডারি মেরেছেন জালমির অধিনায়ক। এই সেঞ্চুরিতে ক্রিস গেইলের (২২টি সেঞ্চুরি) ঠিক পরেই সর্বকালের সর্বোচ্চ টি-টোয়েন্টি সেঞ্চুরির তালিকায় নিজের দ্বিতীয় স্থানটিকে আরও মজবুত করলেন তিনি।
চলতি পিএসএলে বাবর এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করছেন। শুধু তাই নয়, পিএসএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে চারটি ভিন্ন আসরে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করার কীর্তিও গড়েছেন তিনি।
বিডি প্রতিদিন/নাজিম