নিজস্ব প্রতিনিধি:
বরিশালে আরও ভয়াবহ রূপ ধারণ করছে হাম। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা পৌঁছাল ১৮ জনে; যার মধ্যে শেবাচিমে মৃত্যুবরণ করেছে আটজন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যুবরণ করা ওই শিশু বরিশাল সদর উপজেলার কাশিপুরের বাসিন্দা সোহেলের দেড় মাস বয়সী কন্যা শিশু আয়েশা। গত ১১ এপ্রিল তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে শিশুটি।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন। হাসপাতালের ছাড়পত্র নিয়েছেন ৫২ জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ১১৭ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ৫৩৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য মতে, বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৫০০ জনের বেশি।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, টিকা কার্যক্রমে জোর দেয়া হয়েছে। আর এই রোগে আক্রান্তদের চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে সেদিকে কঠোর নজরদারি রয়েছে।