জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আবদুল মুনতাকিমের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিক শেখ শামীম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) পোস্টে সাংবাদিক শেখ শামীম দাবি করেন, রাজনীতিতে আলোচনায় আসা কিংবা ভোটারদের আবেগে নাড়া দিতে একাত্তরকে ব্যবহার করার ঘটনা নতুন নয়। তবে ইতিহাস নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তথ্যগত নির্ভুলতা ও যৌক্তিকতার গুরুত্ব রয়েছে।
পোস্টে তিনি লেখেন, নেতা সাহেব, ১৯৭১ থেকে ১৯৮১—এই ১০ বছরের ব্যবধান কীভাবে আপনার বক্তব্যে মিলিয়ে গেল, সেটি এখন জাতির জানার বিষয়। আপনার সেই ‘অলৌকিক’ ব্যাখ্যার অপেক্ষায় আছে মানুষ।
শেখ শামীম আরও বলেন, ইতিহাস নিয়ে রাজনৈতিক বক্তব্যে মতভেদ থাকতে পারে। তবে তথ্যের সুস্পষ্ট অসঙ্গতি ঢাকতে গিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
তার ভাষ্য মতে, এ দেশের মানুষ শুধু ইতিহাসই জানে না, সাধারণ গণিতও বোঝে।