প্রায় সব পরিসংখ্যানেই এগিয়ে থেকেও প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ-এর জালে বল পাঠাতে পারেনি বার্সেলোনা। উল্টো চার গোল হজম করে কোপা দেল'রের সেমিফাইনালের প্রথম লেগে বড় ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এতে করে দিয়েগো সিমিওনের দল ফাইনালের পথে এক পা দিয়ে রাখল।

বৃহস্পতিবার রাতে অ্যাতলেটিকোর মাঠ মেট্রোপলিটন স্টেডিয়ামে কঠিন পরীক্ষার মুখে পড়ে বার্সা। স্বাগতিকদের হয়ে গোল করেন আঁতোয়া গ্রিজম্যান, আদেমোলা লুকমান ও হুলিয়ান আলভারেজ। এছাড়া বার্সার গোলরক্ষক হুয়ান গার্সিয়ার ভুলে এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলেও সুবিধা পায় অ্যাতলেটিকো। ৪-০ ব্যবধানে জয়ের পর ৩ মার্চ অ্যাওয়ে ম্যাচে নামবে তারা।

এদিন ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে বার্সেলোনা। চোটের কারণে রাফিনিয়া ও মার্কাস রাশফোর্ডের অনুপস্থিতি দলকে ভোগায়। ম্যাচের তৃতীয় মিনিটেই বড় সুযোগ পেয়েছিল অ্যাতলেটিকো, কিন্তু জুলিয়ানো সিমিওনের শট ঠেকান গার্সিয়া। তবে কিছুক্ষণ পরই গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরিক গার্সিয়ার ব্যাকপাস ঠিকমতো সামলাতে না পেরে বল জালে জড়িয়ে যায়। ১৪ মিনিটে নাহুয়েল মোলিনার পাস থেকে গ্রিজম্যানের কোনাকুনি শটে ব্যবধান হয় ২-০।

২০ মিনিটে ফারমিন লোপেজের ভলি ক্রসবারে লেগে ফিরে এলে গোলের সুযোগ হাতছাড়া করে বার্সা। বিপরীতে আক্রমণে ধার বাড়াতে থাকে অ্যাতলেটিকো। আলভারেজের এক শট গোললাইন থেকে ফিরিয়ে দেন জুলস কুন্দে। ৩৩ মিনিটে আলভারেজের পাস থেকে নিচু শটে লুকমান তৃতীয় গোল করেন। যোগ করা সময়ে লুকমানের বাড়ানো বল জোরালো শটে জালে পাঠিয়ে চতুর্থ গোলটি করেন আলভারেজ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৫২ মিনিটে পাউ কুবারসির গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৮৫ মিনিটে কড়া ট্যাকলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এরিক গার্সিয়া, ফলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। শেষ দিকে ফেররান তোরেসের হেড পোস্টের বাইরে চলে গেলে আর গোলের দেখা মেলেনি।

গত আসরেও সেমিফাইনালে অ্যাতলেটিকোকে হারিয়ে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। তখন প্রথম লেগ ৪-৪ সমতায় শেষ হওয়ার পর ফিরতি লেগে ১-০ ব্যবধানে জিতেছিল তারা। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ন্যু ক্যাম্পে ফিরতি লেগে ৪-০ ব্যবধান পুষিয়ে নিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বার্সাকে। ৩ মার্চ সেই লড়াইয়ে নামবে তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews