টেলিভিশন নাটকের জনপ্রিয় দুই অভিনেত্রী রিচি সোলায়মান ও দীপা খন্দকার। দীর্ঘ সাত বছর পর একসঙ্গে অভিনয় করলেন তারা। ‘ভালোবাসার অন্য নাম তুমি’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের। এটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকে প্রয়োজন ছিল। দু’টি চরিত্র এমন, যেগুলোর জন্য তাদের দু’জনকেই উপযুক্ত মনে হয়েছে। তাদের সঙ্গে আমার বোঝাপড়া দীর্ঘদিনের। একটি ভালো কাজের জন্য শিল্পী-পরিচালকের পারস্পরিক আস্থা খুব গুরুত্বপূর্ণ। দীপা খন্দকার বলেন, আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়। তাও সাত বছর আগে। তবে এবারের কাজের বিশেষ দিক হচ্ছে আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন। বলা যায়, আমাদের প্রজন্মের সমসাময়িক ও জ্যেষ্ঠ শিল্পীদের একধরনের পুনর্মিলন ঘটেছে। নাটকের গল্প ও নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এটি প্রেমের গল্প। চয়নিকা দিদির প্রেমের গল্প নির্মাণে আলাদা মুন্সিয়ানা রয়েছে। তার স্বভাবসুলভ আবেগ আর সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন এই কাজেও আছে।
ইফফাত আরেফিন মাহমুদ রচিত এ নাটকে আরও অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, ডলি জহুর প্রমুখ।