ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনী প্রস্তুতি ও মহানগরের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে এনসিপি সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী নাসীরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সভায় সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, ঢাকা মহানগরের রাজনীতি এবং ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পতিত ও পলাতক আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়ার্ডভিত্তিক প্রতিরোধ গড়ে তোলা, জুলাই শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকা এবং নাগরিক বিভিন্ন ইস্যুতে আন্দোলন গড়ে তোলার বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।