মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকায় রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা প্রায় ৭০ বছর বয়সি এক পরিচয়হীন বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা সোমবার রাতে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পানিছত্র এলাকার লিগ্যাল এইড সংলগ্ন সড়কের পাশে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। বয়সজনিত দুর্বলতা ও অসুস্থতার কারণে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারছিলেন না। পথচারীরা খাবার ও পানি দিলেও তার পাশে কোনো স্বজনকে দেখা যায়নি।

উদ্ধারকারী স্বেচ্ছাসেবক আসাদুজ্জামান সাইফ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করি। তিনি ঠিকমতো হাঁটতে পারেন না এবং স্পষ্টভাবে কথাও বলতে পারেন না। আমরা চাই, দ্রুত তার স্বজনদের খুঁজে বের করা হোক। আর যদি কোনো স্বজনের সন্ধান না পাওয়া যায়, তাহলে সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নিক।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ দাবি করেন, ছেলে ও পুত্রবধূ তার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং একপর্যায়ে তাকে সেখানে ফেলে রেখে চলে যান। তবে তিনি নিজের নাম-পরিচয় বা ঠিকানা স্পষ্টভাবে জানাতে পারেননি। ফলে তার এ বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার বলেন, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকদের মাধ্যমে একজন অজ্ঞাত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বৃদ্ধের ছবি প্রকাশ করে তার পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews