বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে কানাডার ক্যালগেরিতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে ‘ক্যালগেরি টেগোর সোসাইটি’।
আগামী ১০ মে বিকাল ৫টায় শহরের রকিরিজ সেইন হোমস ওয়াইএমসিএ-এর বিএমও সেন্টারে এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
সোসাইটির সাধারণ সম্পাদক খায়ের খোন্দকার রুবেল জানান, এবারের রবীন্দ্রজয়ন্তীতে দর্শকদের জন্য বেশ কিছু নতুন চমক রয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন স্থানীয় মেইন স্ট্রিম মিউজিশিয়ানরা। বরাবরের মতোই স্থানীয় তরুণ ও নবীন শিল্পীদের উৎসাহিত করতে এবং তাদের প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবারও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সম্মিলিত ও দ্বৈত গানের পাশাপাশি একক গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রীতা কর্মকার, সুলতা সাহা, তীর্থ সাহা, শুভাশিস চক্রবর্তী, কেকা সেনগুপ্ত এবং চন্দ্রিমা পোদ্দার ঐশী। সুরের ধারার সাথে নাচের নান্দনিক ছন্দে মুগ্ধতা ছড়াবেন সীমানা রায় ও রামিশা হক। কবিতা আবৃত্তিতে অংশ নেবেন কিরিটী রায় ও মুশফিক সালেহীন।
এবারের আয়োজনে যন্ত্রসঙ্গীতে এক অনন্য মাত্রা যোগ করবেন একদল দক্ষ শিল্পী। তবলায় বাপ্পি দেবরয়, কিবোর্ডে জয় চৌধুরী এবং গিটারে থাকবেন প্রশান্ত মাইকেল জন। পাশাপাশি ভায়োলিনে পিটার ফেলস্টেইন ও চেলোতে মার্ক স্কোলজের উপস্থিতি অনুষ্ঠানটিকে দেবে আন্তর্জাতিক রূপ।
পুরো আয়োজনের সাউন্ড ও লাইট ডিজাইনে থাকছেন অয়ন সরকার। কমিউনিকেশন, গ্রাফিক ডিজাইন ও অ্যানিমেশনে কাজ করছেন মুশফিক সালেহীন। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন খায়ের খোন্দকার রুবেল।
এবারের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই এবং প্রবাস বাংলা ভয়েস। রবীন্দ্র অনুরাগীদের জন্য এই আয়োজনটি ক্যালগেরির সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা আশা করছেন।
বিডি-প্রতিদিন/এমই